মসজিদ রক্ষায় এক পায়ে ভর দিয়ে হামলাকারীদের সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করা নেপালের এক প্রতিবন্ধী মুসলিম যুবককে সম্মানিত করে উমরাহ পালনের সুযোগ করে দিয়েছে সৌদি আরব। সাহসিকতার সেই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সৌদি সমাজকর্মীরা তাঁকে খুঁজে বের করেন এবং সৌদি দাতাদের পৃষ্ঠপোষকতায় তিনি বাবা-মাকে নিয়ে পবিত্র মক্কায় উমরাহ পালন করেন।
চলতি বছরের জানুয়ারির শেষ দিকে নেপালের রওতাহাট জেলার রামপুরের বাসিন্দা ৩২ বছর বয়সী শেখ রহেমুল্লাহ এক পায়ে ক্রাচ ও লাঠি হাতে মসজিদে হামলা চালাতে আসা উচ্ছৃঙ্খল দলকে প্রতিরোধ করেন। সেই ভিডিও বিশ্বজুড়ে সাড়া ফেললে সৌদি আরবের সমাজকর্মী ও কনটেন্ট নির্মাতারা তাঁকে খুঁজে বের করার উদ্যোগ নেন।
গত ৫ আগস্ট বাবা-মাকে সাথে নিয়ে সৌদি আরবে পৌঁছান রহেমুল্লাহ। সেখানে স্থানীয় বাসিন্দা ও দাতারা তাঁকে উষ্ণ আতিথেয়তায় বরণ করে নেন। ধর্মীয় ইবাদতের পাশাপাশি এই সফরে তাঁর জন্য কৃত্রিম অঙ্গ (কৃত্রিম পা) সংস্থাপনের দায়িত্ব নিয়েছে ‘বাদার অ্যাসোসিয়েশন’, যা তাঁর জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
ভারতের কেরালার তরুণ কনটেন্ট নির্মাতা মোহাম্মদ রাফি সফরজুড়ে তাঁদের সঙ্গে ছিলেন।
তিনি জানান, প্রায় এক সপ্তাহের অত্যন্ত আনন্দঘন সফর শেষে গত ১৪ আগস্ট মক্কা-মদিনার অবিস্মরণীয় স্মৃতি নিয়ে পরিবারসহ নেপালে ফিরে গেছেন রহেমুল্লাহ।

