রাষ্ট্র ও জনগণের কল্যাণে কোটা পদ্ধতি বাতিল করে মেধাভিত্তিক বিশেষায়িত সিভিল সার্ভিস গঠনের দাবি জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। একই সঙ্গে পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে প্রশাসনে পেশাদারিত্ব নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব দাবি তুলে ধরা হয়। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যরা অংশ নেন।
আলোচনায় অংশ নেওয়া বক্তারা বলেন, কার্যকর ও দক্ষ জনসেবা নিশ্চিত করতে সিভিল সার্ভিসকে মেধাভিত্তিক ও পেশাভিত্তিক কাঠামোর ওপর পরিচালিত করা জরুরি। সে ক্ষেত্রে ডিএস পুলে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিল করা প্রয়োজন বলে তারা মত দেন।
বক্তারা আরও উল্লেখ করেন, প্রতিটি মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট ক্যাডারের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা উচিত। বর্তমানে অনেক ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বিভিন্ন খাতে নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে যুক্ত থাকলেও সংশ্লিষ্ট বিষয়ে তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার অভাব থাকে, যা কাঙ্ক্ষিত জনসেবা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বক্তারা আশা প্রকাশ করেন, সিভিল সার্ভিসে পেশাদারিত্ব, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আলোচনা শেষে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

