ময়মনসিংহের তারাকান্দায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় মায়ের বকা খেয়ে বাড়ি থেকে অভিমান করে বের হয়ে যাওয়া বদরুন্নাহার সীমা (১৭) নামে এক পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার কাকনী ইউনিয়নের পুঙ্গায়াই পশ্চিমপাড়া এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সীমা পুঙ্গায়াই উচ্চবিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছিল।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, সোমবার ফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ায় সীমাকে তাঁর মা বকাঝকা করেন। ওই দিন দুপুর ১২টার দিকে মায়ের অজান্তে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। বুধবার সকালে নিজ বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরত্বের একটি পুকুরে সীমার মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
তবে উদ্ধারকৃত মরদেহ ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য। পুলিশ ও স্থানীয়দের মতে, যে পুকুরে সীমার মরদেহ মিলেছে সেটিতে পানির গভীরতা ছিল মাত্র ২ থেকে ৩ ফুট, যেখানে স্বাভাবিকভাবে ডুবে মৃত্যুর বিষয়টি নিয়ে বড় ধরনের প্রশ্ন জেগেছে। নিহতের বাবা বদরুজ্জামান বকুল বলেন, “মেয়েটি পরীক্ষায় খারাপ করায় মন খারাপ করে কোথাও গিয়েছে ভেবেছিলাম। কিন্তু এভাবে লাশ দেখতে হবে তা কল্পনাও করিনি; মৃত্যুর কারণ কিছুই বুঝতে পারছি না।”
তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আলাল উদ্দিন জানান, অল্প পানিতে মরদেহের উপস্থিতির বিষয়টি সন্দেহজনক হলেও সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, মৃত্যুর সঠিক রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং দ্রুতই ঘটনার মূল কারণ উন্মোচন করা সম্ভব হবে।

