বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকারী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং দেশে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই রিটার্নস’ শীর্ষক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘জুলাই সংহতি অস্ট্রেলিয়া’র উদ্যোগে সিডনির লাকেম্বার রেলওয়ে প্যারেডে আয়োজিত এ অনুষ্ঠানে সিডনি ও এর আশেপাশের অঞ্চলের বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। ড. মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে এবং নিহাল হোসেন ও ফাহাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং উদ্বোধনী বক্তব্য প্রদান করা হয়।
আলোচনা পর্বে পেশাজীবী, রাজনৈতিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। বক্তারা দেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষায় প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দেন। একই সাথে তারা গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শহীদদের আত্মত্যাগ যেন বিফলে না যায়, সেজন্য তাদের পরিবারের কল্যাণ ও আহতদের যথাযথ পুনর্বাসনের আহ্বান জানানো হয়।
আলোচনা সভা ছাড়াও আয়োজনে ছিল কবিদের কবিতা আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রদর্শনী এবং বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা। বিআইসি সভাপতি মাওলানা ফেরদৌস আলমের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। প্রকৌশলী আবুল হোসেন জিয়া, সাঈদ আল মামুন ও ফাহাদ হোসেনসহ স্থানীয় স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের মাঝে জুলাই আন্দোলনের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল বলে জানান আয়োজকেরা।

