ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে বিক্ষোভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের বর্ষপূর্তিতে তাঁর অবলিম্বে মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির পক্ষ থেকে দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদের ঘোষণা দেওয়া হলেও একাধিক স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর বাধার মুখে পড়েন নেতাকর্মীরা।

পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম জানান, খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে একটি বৃহৎ সমাবেশের পাশাপাশি অন্যান্য তিনটি প্রদেশে স্থানীয় নেতাদের নিজস্ব সুবিধাজনক স্থানে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পাঞ্জাবসহ বিভিন্ন স্থানে পুলিশ কড়া অবস্থান নেয় এবং লাহোরের বিশাল সমাবেশ থেকে পিটিআইয়ের ২০ জনেরও বেশি কর্মীকে গ্রেফতার করা হয়। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে লাহোর, করাচিসহ প্রধান প্রধান শহরগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে চলমান এই বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার খবর সংগ্রহের ক্ষেত্রে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিদেশি সাংবাদিকদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের ইসলামাবাদ, করাচি ও লাহোরে খবর বা ছবি সংগ্রহ করতে হলে আগে থেকে কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইমরান খানের জনপ্রিয়তা এবং পিটিআই কর্মী-সমর্থকদের রাজপথের তৎপরতা সামাল দিতে একদিকে যেমন ধরপাকড় চালানো হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলে দেশের চিত্র পৌঁছানো আটকাতেই গণমাধ্যমের ওপর এমন কড়াকড়ি আরোপ করা হলো। তবে সব বাধা উপেক্ষা করেই পিটিআই তাঁদের দলীয় প্রধানের মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *