মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও আকাশপথে উদ্ভূত নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে আগামী ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে সব ফ্লাইট বাতিল করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার (৬ মার্চ) দুপুরে ট্রাভেল এজেন্সিগুলোকে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়।
বিমান কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা হয়েছে। বাতিল হওয়া গন্তব্যগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। এর আগে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত এসব রুটে ফ্লাইট স্থগিত ছিল, যা বর্তমানে ৮ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর ফলে আঞ্চলিক আকাশপথে বড় ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয় এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সূচিও ব্যাপকভাবে প্রভাবিত হয়।
পরিসংখ্যান অনুযায়ী, এই পরিস্থিতির প্রভাবে শুক্রবার পর্যন্ত ঢাকা থেকে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, আকাশপথের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

