প্রধান খবর

সরকার ভাবছে সব দখল করবে, শেখ হাসিনাও এটা ভেবেছিল

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও একচ্ছত্র আধিপত্য বিস্তার ও হলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা শুরু হয়েছে বলে গুরুতর অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। উদ্ভূত পরিস্থিতিতে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারকে কঠোর হুশিয়ারি দিয়ে তিনি অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করার পাঁয়তারা চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যলয়ের ছাত্রসংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলা চালানো হয়েছে। ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ছাত্রদল ও তাদের সমর্থক বাহিনী।”

বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ ও মানসিকতার তীব্র সমালোচনা করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, “এই সরকার মনে করছে তারা ক্ষমতায় এসে সব দখল করে নেবে। ঠিক একই ভাবনা শেখ হাসিনাও ভেবেছিল, আর তার শেষ পরিণতি সবাই দেখেছে। সরকারের প্রতি আমাদের আহ্বান-ছাত্রদের সঙ্গে কোনো ঝামেলায় জড়াবেন না, শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনা করতে দিন এবং ক্যাম্পাসের গণতান্ত্রিক ধারা বজায় রাখুন।”

আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনন্য ও অসামান্য অবদানের কথা গভীরভাবে স্মরণ করেন তিনি। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *