নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ট্যালেন্ট পার্টনারশিপ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আইওএমের উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে। বৈঠকে অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা, নৈতিক নিয়োগব্যবস্থা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম)-এর চ্যাম্পিয়ন দেশ হিসেবে বাংলাদেশ নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দক্ষ জনশক্তি গড়ে তোলা, নারী অভিবাসী কর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা, পরিচর্যা ও কৃষিসহ বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন শ্রমবাজার তৈরিতে আইওএমের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে রোহিঙ্গা সংকট, জলবায়ুজনিত অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, নিরাপদ প্রত্যাবর্তন ও পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। এ সময় আইওএমের উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

