প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সফরের অংশ হিসেবে সার্জিও গর এর আগে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। সেখানে তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রা, চলমান মানবিক সহায়তা কার্যক্রম এবং ক্যাম্পগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
গত ৩০ জুলাই তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান সার্জিও গর। এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চলমান দ্বিপাক্ষিক সংলাপের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। সফরকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার, আঞ্চলিক বিভিন্ন ইস্যু এবং মানবিক সংকট মোকাবিলায় সমন্বয় বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হচ্ছে।

