প্রধান খবর

বাংলাদেশে পা রাখলেন ‘পাখি’খ্যাত মধুমিতা: যুক্ত হচ্ছেন ‘গুলশানের চামেলি’ চলচ্চিত্রে

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার বাংলাদেশে এসে পৌঁছেছেন। শনিবার সকালে ঢাকার মাটিতে পা রাখেন টেলিভিশনের ‘পাখি’ চরিত্রে অভিনয় করে দুই বাংলায় তুমুল পরিচিতি পাওয়া এই অভিনেত্রী। হঠাৎ তাঁর এই বাংলাদেশ সফরকে ঘিরে ভক্তদের মাঝে কৌতুহল তৈরি হলেও সফরটির মূল উদ্দেশ্য একটি নতুন চলচ্চিত্রের শুভ সূচনা।

চলচ্চিত্র নির্মাতা সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত পাঁচতারা হোটেলে আয়োজিত নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’র জমকালো মহরত অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে যোগ দিতেই মধুমিতার এই ঢাকা আগমন। ছবিটির পরিচালক মোহাম্মদ ইকবাল বিষিয়টি নিশ্চিত করে জানান, অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ছবির মূল অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নাম উন্মোচন করা হবে। তাই বিশেষ অতিথি ও কেন্দ্রীয় চরিত্রের অংশ হিসেবে তিনি এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তবে ছবির আনুষ্ঠানিক চিত্রগ্রহণ বা শুটিং এখনই শুরু হচ্ছে না; চলতি বছরের নভেম্বর অথবা ডিসেম্বর মাসের দিকে এর কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

‘গুলশানের চামেলি’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে একজন প্রান্তিক যৌনকর্মীর জীবনসংগ্রাম, টানাপোড়েন ও বাস্তবতার প্রেক্ষাপটকে কেন্দ্র করে। সামাজিক প্রেক্ষাপটের এই বিনোদনমূলক ছবিতে দেশ ও বিদেশের একাধিক খ্যাতনামা তারকাকে একসঙ্গে পর্দায় দেখা যাবে।

ইতোমধ্যেই ছবিটির অভিনয়শিল্পী তালিকায় যুক্ত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানী, আমিন খান, চরিত্র অভিনেতা আশীষ খন্দকার এবং কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। এ ছাড়াও সিনেমাটিতে বিশেষ চমক হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আজকের মহরত উৎসবে আরও কিছু চমকপ্রদ নাম ও আন্তর্জাতিক শিল্পীদের উপস্থিতি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে প্রযোজনা সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *