প্রধান খবর

‘প্রায় এক বছর চুপ ছিলাম, আর না’: নাজিফা তুষি

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো রায়হান রাফীর নতুন ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’-এর নায়িকা নাজিফা তুষির ফার্স্ট লুক। শুক্রবার সকালে পরিচালক নিজে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তুষির চরিত্রের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন। সিনেমায় ‘নদী’ চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

পরিচালক রায়হান রাফী শুটিং সেটের মনিটর থেকে নেওয়া একটি দৃশ্য শেয়ার করেছেন, যেখানে আনমনে বসে থাকতে দেখা যায় তুষিকে। তাঁর সামনে টেবিলের ওপর একটি বই ও চায়ের কাপ রাখা। হাত দুটি টেবিলের ওপর রেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা তুষির এই লুক ইতোমধ্যেই বিনোদনপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এটি কোনো অফিসিয়াল পোস্টার না হলেও মনিটরের ক্যাপচারে তুষির উপস্থিতি মুগ্ধ করেছে নেটিজেনদের।

নির্মাতা রায়হান রাফী তুষির প্রশংসায় বলেন, “নাজিফা তুষিকে দর্শকেরা আগে নানা চরিত্রে দেখেছেন। তবে ‘আন্ধার’ সিনেমায় তাঁর সবচেয়ে মোহময় ও শক্তিশালী উপস্থিতি দেখতে পাবেন।”

নিজের এই বিশেষ লুকটি ছড়িয়ে পড়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে নাজিফা তুষি সামাজিক মাধ্যমে লেখেন, “প্রায় এক বছর ধরে চুপ ছিলাম, আর না! ধন্যবাদ রায়হান রাফী আমার লুকটি লিক করে দেওয়ার জন্য। তবে ‘আন্ধার’-এর ‘নদী’ আমার অভিনয় করা সবচেয়ে প্রিয় একটি চরিত্র। চরিত্রটি অনেক রকমের ইমোশন নিয়ে খেলার সুযোগ করে দিয়েছে, যা একই সঙ্গে চ্যালেঞ্জিং ও তৃপ্তিদায়ক ছিল।”

উল্লেখ্য, অর্থহীন ব্যান্ডের বিখ্যাত সংগীতশিল্পী সাইদুস সালেহীন সুমন এবং ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর একটি ভয়াবহ ভৌতিক গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। ‘২২১বি’ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত এই সিনেমায় তুষি ছাড়াও গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, রেহান ও স্বর্ণালি চৈতির মতো জনপ্রিয় তারকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *