বাংলাদেশের অলিগলি, স্কুল-কলেজের সামনে কিংবা বিকেলের ব্যস্ত মোড়-যেখানেই যাওয়া যাক না কেন, এক মুঠো ঝালমুড়ি, চটপটি বা ফুচকার মেঠো গন্ধ মানুষকে টেনে নেয় শৈশবে। সেই চিরচেনা দেশি আবহ, স্মৃতিমাখা স্ট্রিট ফুডের অবিকল স্বাদ আর প্রাণবন্ত আড্ডার সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপন করতে অস্ট্রেলিয়ার সিডনির মিন্টোতে যাত্রা শুরু করেছে ব্যতিক্রমী ফুড ট্রাক ‘মুড়ির টিন’ (Murir Tin)।
সিডনির ১০ রেডফার্ন রোড, মিন্টো (10 Redfern Road, Minto)-তে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া “মুড়ির টিন” স্রেফ একটি খাবার বিক্রি করার ফুড ট্রাক নয়; এটি প্রবাসী বাংলাদেশিদের শৈশব, স্মৃতি ও আবেগের এক জীবন্ত ঠিকানা।
উদ্যোক্তা কামাল মো শরীফ জানান, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় স্ট্রিট ফুডের ধারণা থেকেই “মুড়ির টিন”-এর জন্ম। এখানে ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের পাশাপাশি তুলে ধরা হচ্ছে বাংলাদেশের চিরায়ত স্ট্রিট ফুড সংস্কৃতি-যেখানে স্বাদের পাশাপাশি জড়িয়ে থাকে আন্তরিকতা ও পারস্পরিক সৌহার্দ্য।
‘মুড়ির টিন’ মূলত সিডনির ম্যাককোয়ারি ফিল্ডসে ব্যাপক সাড়া জাগানো জনপ্রিয় খাবারের দোকান ‘টং’-এর একটি বর্ধিত ও আধুনিক সংস্করণ। সেই সুপরিচিত আড্ডা, দেশি স্পর্শ এবং প্রবাসীদের ভালোবাসাকে আরও রঙিন ও বড় ক্যানভাসে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েই নতুন এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে এক প্লেট খাঁটি দেশি খাবার নিমেষেই মানুষকে ফিরিয়ে নিয়ে যায় হাজার মাইল দূরের শিকড়ের কাছে। “মুড়ির টিন” সেই আবেগকেই বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে। পরিবার, বন্ধু কিংবা সহকর্মীদের নিয়ে এক কাপ চা আর ধোঁয়া ওঠা দেশি স্ট্রিট ফুডের স্বাদ নেওয়ার চমৎকার পরিবেশ নিয়ে এটি হতে যাচ্ছে সিডনির বাংলাদেশি কমিউনিটির নতুন মিলনমেলা।
উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করে জানান, কেবল প্রবাসীরাই নন, বরং স্থানীয় অস্ট্রেলিয়ানসহ বিভিন্ন সংস্কৃতির মানুষও এতে বাংলাদেশের বৈচিত্র্যময় স্ট্রিট ফুডের স্বাদে মুগ্ধ হবেন এবং বাংলাদেশের সমৃদ্ধ খাদ্য ঐতিহ্যের সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাংলাদেশি স্ট্রিট ফুডের এই নতুন ঠিকানা ইতোমধ্যেই প্রবাসী কমিউনিটিতে বেশ আগ্রহ তৈরি করেছে। আপনিও ঘুরে আসতে পারেন এবং উপভোগ করতে পারেন শত স্মৃতি ও গল্পে ঘেরা এক টুকরো বাংলাদেশকে।

