বিরতির এক বছরেরও বেশি সময় পর পুনরায় চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সোমবার (২৭ জুলাই) থেকে এ রুটে ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। রোববার (২৬ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে জাপানে বসবাসরত প্রায় আড়াই লাখ বাংলাদেশি উপকৃত হবেন। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অলাভজনক বিবেচনায় পূর্বে এ রুটের ফ্লাইট স্থগিত করা হলেও এখন থেকে নিয়মিত পরিচালনার পরিকল্পনা রয়েছে।
প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালিত হবে। অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত জানান, ভবিষ্যতে বহরে নতুন ১০টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ২০৩৪ সালের মধ্যে বিমানের বহর ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

