প্রধান খবর

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এ সংক্রান্ত আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, আমন্ত্রণপত্রটি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। আয়োজক দেশ হিসেবে ভারত সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি কয়েকটি দেশকে বিশেষ অতিথি হিসেবেও আমন্ত্রণ জানাতে পারে।

এদিকে, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মধ্যে ফোনালাপ হয়েছে এমন গুঞ্জনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে তথ্যের সত্যতা পাওয়া গেলে সরকার প্রয়োজনীয় তদন্ত করবে।

মার্কিন দূতের ঢাকা সফর প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতি এগিয়ে নেওয়ার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *