প্রধান খবর

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্ক থাকার আহ্বান

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনার অভিযোগ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এসব অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর তথ্য ও অনুমোদনহীন কনটেন্ট ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর মাধ্যমে মন্ত্রীর নামে বিভিন্ন বক্তব্য ও তথ্য প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, বেআইনি এবং অনৈতিক। এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নামে শুধুমাত্র একটি ভেরিফায়েড (ব্লু-ব্যাজ) ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এর বাইরে অন্য কোনো অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা বা অনুমোদন নেই।

মন্ত্রণালয় জনগণকে ভুয়া অ্যাকাউন্ট বা পেজ থেকে প্রচারিত কোনো তথ্য আমলে না নেওয়ার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট ও পেজ শনাক্ত হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *