প্রধান খবর

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন নির্ধারিত দিনেও আদালতে জমা পড়েনি। এ কারণে আগামী ৩০ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ছিল। তবে তদন্ত কর্মকর্তা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পরিদর্শক জিয়াউল মোর্শেদ প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন এ তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম।

মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হক, তার মা লতিফা হক লিও (লুসি), অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। তদন্তের অংশ হিসেবে এর আগে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সালমান শাহর মরদেহ উত্তোলন, সুরতহাল প্রস্তুত এবং পুনরায় ময়নাতদন্তের অনুমতি দেন।

মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যু হয়। প্রথমে অপমৃত্যুর মামলা হলেও পরবর্তীতে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম সিআইডির অধীনে চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *