প্রধান খবর

শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরার আহ্বান, প্রয়োজনে পুনঃপরীক্ষার আশ্বাস

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে পরীক্ষার প্রস্তুতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে কোনো পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির কারণে সংশ্লিষ্ট প্রশ্নে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের মতামত এবং আবহাওয়া সংশ্লিষ্ট পূর্বাভাস বিশ্লেষণ করেই নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরীক্ষার দিন সকালে কুমিল্লার একটি কেন্দ্রে জলাবদ্ধতার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে পরীক্ষাকেন্দ্র স্থানান্তরসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

মন্ত্রী আরও জানান, চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা আগেই স্থগিত করা হয়েছে। এছাড়া কোনো শিক্ষার্থী প্রশাসনিক সীমাবদ্ধতা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষায় অংশ নিতে না পারলে বিষয়টি বিবেচনায় নিয়ে পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হতে পারে। এ বিষয়ে সরকার পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করছে।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি শনাক্ত হওয়ায় পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর প্রদান করা হবে বলে সংসদকে আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *