সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে। মঙ্গলবার (১৪ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন চার মাস বয়সী এক শিশু এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাত মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোর তুলনায় নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে কোনো রোগীর শরীরে হাম শনাক্ত হয়নি। একই সময়ে উপসর্গ নিয়ে ৫৪ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা শিশুদের নির্ধারিত সময়ের মধ্যে টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

