স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব কমিয়ে নিরাপদ মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থা আরও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্প্ল্যাশ’ প্রকল্পের উদ্বোধনী সেমিনারে তিনি এসব তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অন্তঃসত্ত্বা মায়েদের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের বাইরে নিরাপদ স্বাভাবিক প্রসবের সুযোগ বাড়ানোর পাশাপাশি দ্রুত মিডওয়াইফ ও কেয়ারগিভার নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, পরিবার পরিকল্পনা পণ্যের বিদ্যমান সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত সব ধরনের পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব নিরুৎসাহিত করতে সরকার প্রয়োজনীয় নীতিমালা বাস্তবায়নে কাজ করছে।

