চট্টগ্রাম-১৪ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক দিন আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তিনি মারা যান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাত ১০টায় চট্টগ্রাম শহরের বিভারলি হিল সোসাইটির বাসভবনের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন বেলা ১১টায় চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে দাফন কার্যক্রম সম্পন্ন হবে।
নজরুল ইসলাম চৌধুরী চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন থেকে তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর জাতীয় সংসদ বিলুপ্ত হলে তার সংসদ সদস্য পদও বিলুপ্ত হয়।

