প্রধান খবর

পাঁচ মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী হত্যাসহ পৃথক পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও আইনজীবী মোতাহার হোসেন সাজু প্রমুখ।

যেসব মামলায় জামিন মঞ্জুর হয়েছে, সেগুলো হলো বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা, পারভেজ হত্যা এবং পুলিশের কাজে বাধা দানের মামলা। এর মধ্যে চারটি মামলা ফতুল্লা মডেল থানায় নিহতদের স্বজনদের বাদী হয়ে দায়ের করা হয়। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা–নারায়ণগঞ্জ মহাসড়ক ও আশপাশের এলাকায় গুলিবর্ষণের ঘটনায় এসব প্রাণহানি ঘটে।

অপর মামলাটি সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে করে। অভিযোগে বলা হয়, আইভীকে তাঁর বাসভবন ‘চুনকা কুটির’ থেকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও আসামি করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে আইভী কারাগারে রয়েছেন। এর আগে একই ধরনের পাঁচ মামলায় হাইকোর্ট জামিন দিলেও আপিল বিভাগের চেম্বার আদালত তা স্থগিত করেছিলেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে দায়ের করা আরও কয়েকটি মামলা আপিল বিভাগে বিচারাধীন থাকায় তাৎক্ষণিক মুক্তির সম্ভাবনা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *