প্রধান খবর

চার দশক পর মুক্তি পাচ্ছেন ব্রিটেনের দীর্ঘতম কারাবন্দি নারী

প্রায় চার দশক কারাভোগের পর যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ সময় ধরে বন্দি থাকা নারী মারিয়া পিয়ারসন মুক্তি পেতে যাচ্ছেন। দেশটির প্যারোল বোর্ড জানিয়েছে, বর্তমানে তিনি জনসাধারণের জন্য উল্লেখযোগ্য কোনো নিরাপত্তা ঝুঁকি নন। ফলে কঠোর শর্তসাপেক্ষে তার মুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।

বর্তমানে ৭০ বছর বয়সী মারিয়া পিয়ারসন ১৯৮৬ সালে সাবেক প্রেমিকের নতুন সঙ্গী ২৩ বছর বয়সী জ্যানেট নিউটনকে ছুরিকাঘাতে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন। ১৯৮৭ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বিচারক ওই হত্যাকাণ্ডকে অত্যন্ত নৃশংস ও পরিকল্পিত বলে উল্লেখ করেছিলেন।

প্যারোল বোর্ডের তথ্য অনুযায়ী, পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিচার চলাকালে পিয়ারসন অপরাধের দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করলেও আদালত তা প্রত্যাখ্যান করেন। তার ন্যূনতম ১২ বছরের কারাদণ্ডের মেয়াদ ১৯৯৮ সালেই শেষ হলেও বিভিন্ন আচরণগত কারণে দীর্ঘ সময় কারাগারেই থাকতে হয়।

দশম দফার প্যারোল শুনানির পর বোর্ড তার মুক্তির সিদ্ধান্ত নেয়। মুক্তির পর তাকে নির্ধারিত ঠিকানায় বসবাস, এক বছর ইলেকট্রনিক নজরদারিতে থাকা, কারফিউ মেনে চলা এবং নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করার শর্ত পালন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *