প্রধান খবর

নেইমারের জন্য হারটা মানতে পারছি না-স্ট্যাটাস দেওয়ার পর তরুণের মৃত্যু

প্রিয় দল ব্রাজিলের বিদায়ের দুঃখ ভুলে দোকানে ফিরছিলেন তরুণ ব্যবসায়ী মো. জুয়েল রানা (২৫)। ফুটবল তারকা নেইমারের জন্য আক্ষেপ প্রকাশ করে ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাসও দিয়েছিলেন। কিন্তু কে জানত, সেই স্ট্যাটাসটিই হবে তার জীবনের শেষ কথা! সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার মাত্র ১৫ মিনিটের মাথায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই তরুণ।

সোমবার (৬ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দারোগা বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত জুয়েল রানা বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্ত্যাপাড়া এলাকার শামশুল ইসলামের ছেলে। তিনি উপজেলা সদরে পরিবারের মালিকানাধীন কাপড়ের দোকান পরিচালনা করতেন। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর জুয়েলের এমন আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে নরওয়ের বিপক্ষে প্রিয় দল ব্রাজিলের পরাজয় দেখে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন জুয়েল। খেলা শেষে একটু দেরি করেই উপজেলা সদরের দোকানের উদ্দেশ্যে ঘর থেকে বের হন তিনি। গন্তব্যে পৌঁছানোর জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠার আগমুহূর্তে তিনি ফেসবুকে নেইমারের একটি ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লেখেন, ‘দল হারবে, জিতবে কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’

দুর্ভাগ্যবশত, অটোরিকশাটি ছাড়ার ঠিক ১৫ মিনিটের মাথায় দারোগা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে, ঘটনাস্থলেই জুয়েল রানার মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার শেষ স্ট্যাটাসটি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও নেটিজেনরা।
নিহতের ছোট ভাই মো. আরাফাত কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ব্রাজিল হেরে যাওয়ার পর থেকে ভাইয়ের মন খুব খারাপ ছিল। সেই মন খারাপ নিয়েই সিএনজিতে করে দোকানে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। কিন্তু পথেই যে এমন সর্বনাশ হয়ে যাবে, তা আমরা কেউ কল্পনাও করতে পারিনি।”

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষে লিপ্ত সিএনজিচালিত অটোরিকশা দুটিকে ইতিমধ্যে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *