সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত চলমান অভিযানে গত এক সপ্তাহে ১২ হাজার ২৯২ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে আরও ২৭ হাজার ৪৪৫ জন অভিবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আইনি প্রক্রিয়াধীন ব্যক্তিদের মধ্যে ২৫ হাজার ৪১২ জন পুরুষ এবং ২ হাজার ৩৩ জন নারী। বহিষ্কার কার্যক্রমের প্রস্তুতির অংশ হিসেবে ১৬ হাজার ৯১২ জনকে নিজ দেশের দূতাবাস বা কূটনৈতিক মিশনে ট্রাভেল পারমিট সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। এছাড়া ৪ হাজার ১৭৪ জনকে ভ্রমণ টিকিটের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
গত ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে মোট ১৫ হাজার ৫৯১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ৭৫৯ জন, সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৪৮৮ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৩৪৪ জন রয়েছেন। একই সময়ে অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করা ১ হাজার ৬২৯ জন এবং অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করা আরও ৫৮ জনকে আটক করা হয়েছে।
এদিকে, অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন বা কর্মসংস্থানের সুযোগ দেওয়ার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সংশ্লিষ্ট যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

