প্রধান খবর

ভারত থেকে অসাধারণ সমর্থন পাওয়ার দাবি নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারতও ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু। তিনি দাবি করেন, ১৪০ কোটির বেশি মানুষের দেশ ভারত থেকে ইসরায়েল ‘অসাধারণ সমর্থন’ পেয়ে থাকে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতির গুঞ্জনও নাকচ করেন। তিনি বলেন, হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সব বিষয়ে একমত না হলেও ব্যক্তিগত সম্পর্ক ভালো বলেও উল্লেখ করেন তিনি।

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি উদ্যোগের প্রেক্ষাপটে নেতানিয়াহুর এ মন্তব্য আসে। এদিকে জেডি ভ্যান্স বলেন, ইরানের সঙ্গে হওয়া শান্তি চুক্তির লক্ষ্য ছিল আঞ্চলিক উত্তেজনা কমানো, হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর কূটনৈতিক সমঝোতার পথ তৈরি করা।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা উপস্থিতির পক্ষে অবস্থান নিয়ে নেতানিয়াহু দাবি করেন, সীমান্তবর্তী কয়েকটি খ্রিষ্টান অধ্যুষিত গ্রাম ইসরায়েলের নিরাপত্তা সহায়তা চেয়েছে। তিনি বলেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আত্মরক্ষার সক্ষমতা বজায় রাখা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *