ব্রাজিলের বিদায়ে মেহজাবীনের উচ্ছ্বাস সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের ২-১ গোলের পরাজয় এবং টুর্নামেন্ট থেকে বিদায়ের সাক্ষী ছিলেন তিনি গ্যালারিতে বসেই। আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত এই জনপ্রিয় অভিনেত্রী নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম থেকে ম্যাচ উপভোগ করার পাশাপাশি একের পর এক রসিকতাপূর্ণ পোস্ট করে ব্রাজিলের বিদায় উদযাপন করেন।
ম্যাচ চলাকালীন ও ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেন মেহজাবীন চৌধুরী। গ্যালারিতে তোলা কয়েকটি ছবির ক্যাপশনে তিনি মজার ছলে লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’ পোস্টটি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্টেডিয়ামে লাল রঙের টপস ও সবুজ স্কার্ট পরিহিত মেহজাবীনকে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়াতেও দেখা যায়। তার উপস্থিতি এবং ভিন্নধর্মী পোস্টগুলো ভক্তদের নজর কাড়ে।
ম্যাচ চলাকালে আরেকটি পোস্টে তিনি অনুসারীদের উদ্দেশে লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’ এই পোস্টেও অসংখ্য মন্তব্য ও প্রতিক্রিয়া জমা পড়ে।
ব্রাজিলের বিদায় নিশ্চিত হওয়ার পর গ্যালারিতে হাত উঁচিয়ে উল্লাস প্রকাশ করেন মেহজাবীন। স্টেডিয়ামের বড় পর্দায় নরওয়ের জয় ও ব্রাজিলের বিদায়ের দৃশ্যকে পেছনে রেখে ধারণ করা একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে তিনি লেখেন, ‘বাই বাই ব্রাজিল।’
ব্রাজিলের বিদায়ে মেহজাবীনের উচ্ছ্বাস এবং তার রসিকতাপূর্ণ পোস্টগুলো বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। কেউ বিষয়টিকে মজার প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখেছেন, আবার কেউ বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন।
উল্লেখ্য, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে।

