প্রধান খবর

বরিশালে ডেভেলপার প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে নির্যাতন : অভিযুক্ত গ্রেপ্তার

বরিশালে একটি ডেভেলপার প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে নিজ কার্যালয়ে ঢুকে মারধর, নির্যাতন এবং অণ্ডকোষ চেপে ধরে জোরপূর্বক স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ার ঘটনায় প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার দুপুরে মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় এক ব্যবসায়ীর কার্যালয়ে ঢুকে তাকে মারধর ও নির্যাতন করে জোরপূর্বক স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়া হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।

ভুক্তভোগী মো. আব্দুল আজিজ হাওলাদার বাকলা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এবং অগ্রণী হাউজিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তিনি জানান, গত ২৭ জুন রাতে মোস্তাফিজুর রহমান লিটু, আবুল কালাম আজাদ ও আব্দুল মালেক দুররানী তার কার্যালয়ে প্রবেশ করে তাকে মারধর করেন। একপর্যায়ে জোরপূর্বক একটি লিখিত দলিল, একটি ব্ল্যাংক চেক এবং ছয়টি স্ট্যাম্পে তার স্বাক্ষর নেওয়া হয়।

ঘটনার ভিডিও প্রকাশের পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *