প্রধান খবর

সহকারী শিক্ষকের সঙ্গে সংঘর্ষে প্রধান শিক্ষক লাঞ্ছিত, তদন্ত শুরু

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ৮৭ নম্বর আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আসাদ মিয়ার কাছে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন ২ জুলাই নৈমিত্তিক ছুটির আবেদন করেন। তবে ওই দিন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদ্যালয় পরিদর্শন ও জরুরি সভা নির্ধারিত থাকায় প্রধান শিক্ষক তাঁকে ছুটি না নিয়ে দায়িত্ব পালনের অনুরোধ জানান। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হলে একপর্যায়ে সহকারী শিক্ষক প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী প্রধান শিক্ষক সখিপুর থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি সহকারী শিক্ষকের বিরুদ্ধে মারধর, শারীরিক লাঞ্ছনা এবং দায়িত্বে অবহেলার বিষয় উল্লেখ করেছেন। অন্যদিকে অভিযুক্ত সহকারী শিক্ষক দাবি করেছেন, অসুস্থ সন্তানের কারণে ছুটি না পাওয়ায় পরিস্থিতির অবনতি ঘটে এবং উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের আচরণের কারণে তিনি মানসিক ও পারিবারিক সমস্যার মধ্যে ছিলেন।

এ ঘটনায় সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *