নাটোর রেলস্টেশন থেকে চুরি হয়ে যাওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপটি অবশেষে উদ্ধার করেছে জেলা পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নাটোর জেলা সদরের কাপুড়িয়াপট্টি এলাকার একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে অন্তর কুমার সাহা ও তাঁর বাবা অমল কুমার সাহাকে উদ্ধারকৃত ল্যাপটপসহ পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর নাটোর রেলস্টেশনে অপেক্ষাকালে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের মূল্যবান ল্যাপটপসহ কিছু মালামাল চুরি হয়। ঘটনার পরপরই পুলিশ পর্যটকের মালামাল উদ্ধারে তৎপর হয়ে ওঠে এবং কয়েকটি চৌকস অভিযানিক দল মাঠে নামায়। দীর্ঘ নজরদারি ও প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, চুরি যাওয়া ল্যাপটপটি কাপুড়িয়াপট্টি এলাকার এক যুবকের কাছে রয়েছে। পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়।
ঘটনার বিস্তারিত জানিয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, “ল্যাপটপটি হারিয়ে যাওয়ার পর থেকেই পুলিশের কয়েকটি দল নিরবচ্ছিন্নভাবে কাজ করছিল। গত ৮ অক্টোবর অভিযুক্ত অমল কুমার সাহা ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনে নাটোর থেকে নওগাঁ যাওয়ার পথে একটি সিটের নিচ থেকে ল্যাপটপটি পান। পরে তিনি সেটি নওগাঁয় তাঁর শ্বশুরবাড়িতে নিয়ে যান এবং বিষয়টি ছেলে অন্তর কুমার সাহাকে জানান। অন্তর ল্যাপটপটি নিজের কাছে রেখে দেয়। রোববার তাঁরা নাটোরে এলে পুলিশের বিশেষ টিম তাঁদের ট্র্যাক করে ল্যাপটপটি উদ্ধার করে।”
পুলিশ সুপার আরও জানান, অভিযুক্ত বাবা ও ছেলেকে বর্তমানে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এখনও কোনো চূড়ান্ত আইনি পদক্ষেপ নেওয়া হয়নি, তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উদ্ধারের খবর জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারকে জানানো হলে তিনি অত্যন্ত আনন্দিত ও স্বস্তি প্রকাশ করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ল্যাপটপটি উদ্ধারের পাশাপাশি তাঁর খোয়া যাওয়া অন্যান্য মালামাল উদ্ধারেও জোর অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই সম্পূর্ণ মালামাল উদ্ধার করে তা পর্যটকের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

