নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত স্ত্রীর মরদেহ ঘরে রেখে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে ফজরের আজান দিতে ও জামাতে নামাজ পড়তে যান ওই মসজিদের নিয়মিত মুয়াজ্জিন রোমান মোল্যা (৬০)। স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে নামাজের সিজদারত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তীতে অন্য মুসল্লিদের সেবার চেষ্টা সত্ত্বেও মসজিদের ভেতরেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘকাল ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে রোমান মোল্যার স্ত্রী চিকিৎসাধীন ছিলেন। গত রোববার রাতে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। গভীর শোকের মাঝেও নিজের মুয়াজ্জিনের দায়িত্ব ও আল্লাহর ইবাদত থেকে পিছু হটেননি রোমান মোল্যা। স্ত্রীর মরদেহ ঘরে রেখে প্রতিদিনের মতো ভোরে মসজিদে গিয়ে যথারীতি ফজরের আজান দেন এবং জামাতে নামাজে দাঁড়ান। কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর ইবাদতে মশগুল থাকা এই মানুষটি স্ত্রীর চিরবিদায়ের শোক সহ্য করতে না পেরে নামাজের মাঝেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
দাম্পত্য জীবনের চিরদিনের মতো ইতি টেনে স্ত্রীর মৃত্যুর মাত্র সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে স্বামীর এমন আকস্মিক ও শান্তিময় প্রস্থানে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই দম্পতির বিদেশে অবস্থানরত ছেলে দেশে ফেরার পর তাঁদের একসঙ্গে শেষ দাফন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

