প্রধান খবর

মাঝ আকাশে পাওয়ার ব্যাংক থেকে ইন্ডিগো ফ্লাইটে আগুন

ভারতের দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি ফ্লাইটের মাঝ আকাশে পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর ফলে উড়োজাহাজটিতে চরম নিরাপত্তা-সংক্রান্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফ্লাইটটিকে জরুরি ভিত্তিতে হায়দরাবাদে ঘুরিয়ে নেওয়া হয় এবং তা রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

প্রতিবেদন ও এয়ারলাইনস সূত্রে জানা যায়, দিল্লি থেকে চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া ইন্ডিগোর এয়ারবাস এ৩২১-২৫১এন মডেলের ৬ই ৬১১৫ ফ্লাইটটি মাঝ আকাশে থাকাকালীন মাথার ওপরের লাগেজ রাখার জায়গায় (ওভারহেড বিন) হঠাৎ আগুন দেখা যায়। একটি ত্রুটিপূর্ণ ব্যক্তিগত পাওয়ার ব্যাংক অতিরিক্ত গরম হয়ে এই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে আশেপাশের যাত্রীরা নিজেদের ব্যাগ দিয়ে চাপড় মেরে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর কেবিন ক্রুরা দ্রুত তৎপর হয়ে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাটির একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামনে এসেছে, যা এক যাত্রীর মোবাইল ফোনে ধারণ করা হয়েছিল। ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত প্রোটোকল কঠোরভাবে মেনে পাইলটরা ফ্লাইটটিকে হায়দরাবাদে ঘুরিয়ে নেন। উড়োজাহাজের সব যাত্রী এবং ক্রু সদস্য সম্পূর্ণ নিরাপদে ও অক্ষত অবস্থায় রয়েছেন।

জরুরি অবতরণের পর যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য তাৎক্ষণিকভাবে একটি বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করা হয়। ইন্ডিগো এক বিবৃতিতে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং জানানো হয়েছে যে, যাত্রীদের পানি, খাবার ও প্রয়োজনীয় তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করা হয়েছে। বিমান সংস্থটি পুনর্ব্যক্ত করেছে যে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের কাছে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *