মধ্যপ্রাচ্য থেকে শার্ল দ্য গল রণতরী ফিরিয়ে নিল ফ্রান্স। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের পর আঞ্চলিক পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটি তাদের প্রধান বিমানবাহী রণতরী শার্ল দ্য গল নিজ দেশে ফিরিয়ে নিয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
প্রেসিডেন্ট মাখোঁ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এ কারণে ফরাসি নৌবাহিনীর অন্যতম প্রধান যুদ্ধজাহাজ শার্ল দ্য গলকে ফ্রান্সের তুলোঁ বন্দরে ফিরিয়ে আনা হয়েছে।
তবে তিনি স্পষ্ট করে জানান, মধ্যপ্রাচ্যে ফ্রান্সের সামরিক উপস্থিতি পুরোপুরি শেষ হয়নি। দেশটির মাইন অপসারণকারী নৌযান এবং অন্যান্য নৌ সক্ষমতা এখনো ওই অঞ্চলে মোতায়েন রয়েছে। প্রয়োজন হলে এসব ইউনিট মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে যৌথ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে।
গত মে মাসে প্রায় ২০টি রাফাল যুদ্ধবিমান বহনকারী শার্ল দ্য গল বিমানবাহী রণতরী সুয়েজ খাল অতিক্রম করে এডেন উপসাগরের উদ্দেশে যাত্রা শুরু করে। পরে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য একটি ‘নিরপেক্ষ’ মিশনের জন্য রণতরীটিকে প্রস্তুত রাখা হয়েছিল।
মধ্যপ্রাচ্য থেকে শার্ল দ্য গল রণতরী ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে অঞ্চলটির পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তবে ফ্রান্স জানিয়েছে, পরিস্থিতির প্রয়োজন হলে তারা মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা নৌ সক্ষমতার মাধ্যমে মিত্র দেশগুলোর সঙ্গে যৌথভাবে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখবে।

