শৈলকুপায় সাপের কামড়ে শিশুর মৃত্যু হয়েছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা বাজার এলাকায় সাপের ছোবলে রহিদ বেদ (৫) নামে এক শিশুর প্রাণহানির এ ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রহিদ বেদ কুষ্টিয়ার মীরপুর রেলস্টেশন এলাকার সজল বেদের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা বাজার-সংলগ্ন এলাকায় বসবাস করছিল সে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলাধুলার সময় একটি সাপ শিশুটিকে ছোবল দেয়। তবে সাপে কামড়ানোর পর তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় দুই ওঝার কাছে নিয়ে যান। সেখানে দীর্ঘ সময় ঝাড়ফুঁক করা হয়। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
নিহত শিশুর দাদি মালা বেদ জানান, আছরের আজানের সময় পাশের একটি কাঠের মিলে খেলতে গেলে রহিদকে সাপে কামড় দেয়। এরপর তাকে কানাপুকুরিয়া গ্রামের শিমুল ওঝার কাছে নেওয়া হয়। পরে শিমুল ও ওমর নামে দুই ওঝা প্রায় তিন ঘণ্টা ঝাড়ফুঁক করেন। অবস্থার অবনতি হলে তারা হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, শিশুটি আর বেঁচে নেই।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সনিয়া আক্তার মুক্তা বলেন, সাপে কামড়ানোর পর শিশুটিকে দ্রুত হাসপাতালে না এনে প্রথমে ওঝার কাছে নেওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল এবং চিকিৎসকরা তাকে মৃত অবস্থায় পান।
এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

