ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫ জনে পৌঁছেছে। গত ২৪ জুন দেশটিতে আঘাত হানা ৭ মাত্রার বেশি শক্তির দুটি ভূমিকম্পে এ প্রাণহানির ঘটনা ঘটে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, এ দুর্যোগে আহত হয়েছেন আরও ১২ হাজার ৬৬৬ জন। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর শাফাক নিউজ এজেন্সির।
দেশটির রাজধানী কারাকাসের উত্তরের উপকূলীয় রাজ্য লা গুয়াইরায় ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল কম্পনে ১৮৯টি ভবন সম্পূর্ণ ধসে পড়ে এবং আরও ৮৮৫টি ভবন আংশিক বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ এই দুর্যোগে প্রায় ১৫ হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে মানবিক সংকটে পড়েছেন।
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়তে থাকায় পুনর্গঠন কার্যক্রম জোরদার করার ঘোষণা দিয়েছে সরকার। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য ২০ কোটি মার্কিন ডলারের একটি বিশেষ তহবিল গঠন করা হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে প্রত্যাশিত অর্থের একটি অংশ এই তহবিলে বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতাও বাড়ছে। ইউরোপীয় ইউনিয়ন তাদের ১৪টি সদস্য দেশের উদ্ধারকারী দল ও জরুরি সহায়তা কার্যক্রম সমন্বয় করছে। পাশাপাশি মেক্সিকো উদ্ধারকারী দল পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক রেড ক্রস ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ এবং জরুরি আশ্রয় সহায়তা পৌঁছে দিতে কাজ করছে। উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের সন্ধান চালিয়ে যাচ্ছেন। ফলে ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

