প্রধান খবর

প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি ১০ শিক্ষার্থী

প্রবেশপত্র ও নিবন্ধন কার্ড না পাওয়ায় বগুড়ার মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজের ১০ শিক্ষার্থী চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। বৃহস্পতিবার (২ জুলাই) পরীক্ষা শুরুর দিন সকালে কলেজে এসে প্রবেশপত্র না পেয়ে তারা কলেজের সামনে অবস্থান নেন।

অভিযোগ রয়েছে, কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন নির্ধারিত সময় পার হওয়ার পর অতিরিক্ত অর্থের বিনিময়ে ফরম পূরণের আশ্বাস দিয়ে মানবিক বিভাগের ১০ শিক্ষার্থীর কাছ থেকে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা করে নেন। তবে নির্ধারিত সময়ে তাদের প্রবেশপত্র ও নিবন্ধন কার্ড সরবরাহ করা হয়নি। ঘটনার পর থেকে অভিযুক্ত কর্মচারী পলাতক রয়েছেন এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, কলেজ কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং সংশ্লিষ্ট কর্মচারীর প্রতারণার কারণে তাদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। এ ঘটনায় দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

কলেজের অধ্যক্ষ মতিউর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, এ বছর কলেজটি থেকে প্রায় ৬০০ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *