মাদক, জুয়া এবং অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি বলেন, অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) কেন্দুয়া উপজেলা কৃষি অফিস আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, চলতি বোরো মৌসুমে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সীমিত বরাদ্দ ও দ্রুত তালিকা প্রস্তুতের কারণে কিছু ত্রুটি থাকলেও প্রণোদনা বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।
ড. হিলালী আরও বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও এমন কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে প্রশাসনকে অবহিত করার পাশাপাশি প্রয়োজন হলে তাকে সরাসরি জানানোর আহ্বান জানান তিনি। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অপরাধে জড়ালে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে সার ও বীজ এবং শিক্ষার্থীদের হাতে গাছের চারা বিতরণ করা হয়।

