কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেনী জেলা সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমদ মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৭টার দিকে ফেনী পৌরসভার রামপুর এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ আসর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সহকর্মীরা জানান, অ্যাডভোকেট হাফেজ আহমদ দীর্ঘদিন আইন পেশা ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি, ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি এবং ফেনী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে তিনি ফেনী মহকুমা ছাত্রলীগের নেতা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন।
এছাড়া তিনি ফেনী ডায়াবেটিক সমিতি, ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটি, ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক, আইনাঙ্গন ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

