প্রধান খবর

এআইইউবি অ্যালামনাই অস্ট্রেলিয়ার বার্ষিক বনভোজন উপলক্ষে সভা অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) অ্যালামনাই অস্ট্রেলিয়া গ্রুপ ‘এক্সএআইইউবিয়ান’-এর বার্ষিক বনভোজন ২০২৬ উপলক্ষে এক প্রস্তুতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ আগস্ট আয়োজিত এই প্রস্তুতি সভায় সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) বার্ষিক বনভোজন আয়োজনের দিন ধার্য করা হয়।

সিডনির নিউ সাউথ ওয়েলসে অবস্থিত বিখ্যাত ‘বাঙ্গারিবাই পার্ক’ (Bungarribee Park, Doonside Rd, Arndell Park NSW 2767)-এ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য, মেলবন্ধন ও পরিবারগুলোর মধ্যে আত্মিক সম্পর্ক আরও মজবুত করতেই প্রতিবছরের মতো এবারও এই পিকনিকের আয়োজন করা হচ্ছে।

এবারের বনভোজনের প্রধান ও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘লাইভ কুকিং’ (Live Cooking)। পার্কের মনোমুগ্ধকর উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে উপস্থিত সবাই মিলে রান্নার আনন্দে শরিক হওয়ার পাশাপাশি পরিবেশন করা হবে বৈচিত্র্যময় খাবার। এ ছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, নানা বিনোদনমূলক খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই রেজিস্ট্রেশন প্রক্রিয়া (Registration Process) শুরু হবে, যার বিস্তারিত বিবরণ অ্যালামনাইয়ের অফিশিয়াল ফেসবুক গ্রুপ ও মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রাক্তন এআইইউবিয়ান ও তাঁদের পরিবার-পরিজনকে আগামী ২৬ সেপ্টেম্বরের দিনটি আগেভাগেই ক্যালেন্ডারে নির্ধারিত করে রাখার জন্য আয়োজকরা বিশেষ আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *