প্রধান খবর

বিরল চন্দ্রগ্রহণ: দেখা যাবে যেসব অঞ্চল থেকে

 আগামী শুক্রবার (২৮ আগস্ট) ভোরে আকাশে দেখা যাবে এক বিরল আংশিক চন্দ্রগ্রহণ। সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করার ফলে এই মহাজাগতিক ঘটনাটি ঘটতে যাচ্ছে। এ সময় আগস্টের পূর্ণিমার চাঁদ, যা ‘স্টার্জন মুন’ নামে পরিচিত, পৃথিবীর বায়ুমণ্ডলীয় আলোর বিচ্ছুরণের কারণে লালচে আভা ধারণ করবে।

যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে এই চন্দ্রগ্রহণ স্পষ্টভাবে দেখার সুবর্ণ সুযোগ থাকবে। লন্ডনে স্থানীয় সময় ২৮ আগস্ট ভোর ৩টা ৩৩ মিনিটে আংশিক গ্রহণ শুরু হবে এবং ভোর ৫টা ১২ মিনিটে এটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। এ সময় চাঁদের প্রায় ৯০ শতাংশ অংশই পৃথিবীর গভীর ছায়া বা ‘আম্ব্রা’র মধ্যে প্রবেশ করবে। দক্ষিণ-পশ্চিম আকাশে দিগন্তের খুব কাছাকাছি অবস্থান করার কারণে ‘মুন ইলিউশন’ প্রভাবে চাঁদকে স্বাভাবিকের চেয়ে অনেক বড় ও দৃষ্টিনন্দন দেখাবে। লন্ডনে ভোর ৬টা ১৫ মিনিটে চাঁদ অস্ত যাওয়ার সাথে সাথে এই দৃশ্য আড়াল হবে।

চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোর ছোট নীল তরঙ্গদৈর্ঘ্যগুলো ছড়িয়ে ছিটিয়ে গেলেও দীর্ঘ লাল তরঙ্গদৈর্ঘ্যের আলো সরাসরি চাঁদের গায়ে প্রতিফলিত হয়। এই বৈজ্ঞানিক প্রক্রিয়ার কারণেই আংশিক গ্রহণের সময় চাঁদকে লালচে বা ‘ব্লড মুন’ অবয়বে দেখা যায়।

জ্যোতির্বিদরা জানিয়েছেন, চন্দ্রগ্রহণটি পূর্ণ উপভোগ করতে দক্ষিণ-পশ্চিম দিগন্তের দিকে খোলা ও উঁচু স্থান বেছে নেওয়া উত্তম। যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, কিছু এলাকায় মেঘ ও বৃষ্টি থাকলেও মধ্য ও পূর্ব ইংল্যান্ড এবং ওয়েলসের কিছু অঞ্চলে আকাশ পরিষ্কার থাকলে বিরল এই চন্দ্রগ্রহণ সহজে প্রত্যক্ষ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *