প্রায় দুই মাস পর লেবাননে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর ফলে দেশটির নাগরিকরা পুনরায় লেবানন সফরের সুযোগ পাচ্ছেন। মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, লেবাননে ভ্রমণের আগে সব আমিরাতি নাগরিককে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। নিরাপত্তা ও নাগরিক সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ৩০ এপ্রিল ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইউএই তার নাগরিকদের ইরান, লেবানন ও ইরাক সফরে নিষেধাজ্ঞা জারি করেছিল। পাশাপাশি ওই তিন দেশে অবস্থানরত নাগরিকদের দ্রুত দেশে ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছিল।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র লেবাননের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে ইরান ও ইরাকে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। এদিকে, সংঘাত শুরুর পর প্রথমবারের মতো তেহরান ও দুবাইয়ের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চলাচলও পুনরায় শুরু হয়েছে।

