বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্মসূচির ঘোষণা দেন। প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় দলের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন সকাল ৯টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন দলের কেন্দ্রীয় নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশের পাশাপাশি বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। সারাদেশের জেলা ও মহানগর বিএনপি এবং দলটির বিভিন্ন ইউনিট ১ সেপ্টেম্বর সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করবে।
কর্মসূচির শেষ দিনে ৫ সেপ্টেম্বর শনিবার দুপুর ৩টায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। সভায় দলের জ্যেষ্ঠ নেতা ও দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের অংশগ্রহণের কথা রয়েছে।

