চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩৬৩ দিনে বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এ সময়ে দেশে মোট ৩৫ দশমিক ৩৪৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের ৩০ দশমিক ০৪৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৭ দশমিক ৬ শতাংশ বেশি। শুধু ২৮ জুন এক দিনেই দেশে এসেছে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি জুন মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা ২ দশমিক ৫৮৬ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ ১ দশমিক ৮ শতাংশ বেশি। অর্থবছর শেষ হওয়ার আগেই দেশের মোট রেমিট্যান্স ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।
বিশ্লেষকদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণের প্রবণতা বৃদ্ধি এবং প্রবাসীদের ধারাবাহিক অংশগ্রহণ দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল। তবে পরবর্তী সময়ে অর্থপাচার, আমদানি ব্যয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রাবাজারে চাপের কারণে রিজার্ভে উল্লেখযোগ্য পতন ঘটে। একই সময়ে প্রতি মার্কিন ডলারের বিনিময় হার ৮৪ টাকা থেকে বেড়ে প্রায় ১২০ টাকায় পৌঁছে যায়।

