প্রধান খবর

নকআউটে রোনালদোদের সামনে কঠিন প্রতিপক্ষ

গ্রুপসেরা নির্ধারণী ম্যাচে গোলের দেখা পেল না কোনো দলই। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও জেমস রদ্রিগেজের কলম্বিয়ার লড়াই শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। এই ড্রয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে কলম্বিয়া, আর ৫ পয়েন্ট নিয়ে রানারআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে পর্তুগাল। রাউন্ড অব বত্রিশে রোনালদোদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া। একই দিনে কলম্বিয়া মুখোমুখি হবে আফ্রিকার প্রতিনিধি ঘানার।

তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে কলম্বিয়ার সংগ্রহ সর্বোচ্চ ৭ পয়েন্ট। পর্তুগাল তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ৪ পয়েন্ট পাওয়া ডিআর কঙ্গোও ‘কে’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে।

রোববার ভোরে ফ্লোরিডার মায়ামি গার্ডেনে ম্যাচজুড়ে আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে লড়াই। গোল না এলেও দুই দলের আক্রমণাত্মক ফুটবল ম্যাচটিকে রোমাঞ্চকর করে তোলে। পজেশন ও আক্রমণে এগিয়ে ছিল কলম্বিয়া ৫৫ শতাংশ বল দখলে রেখে তারা ২৪টি শট নেয়, যার ছয়টি ছিল লক্ষ্যে। পর্তুগাল নেয় ১৩টি শট, যার মাত্র দুটি লক্ষ্যে ছিল।

প্রথমার্ধে পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজ গোলের খুব কাছে পৌঁছেছিলেন, কিন্তু কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভারগাস দুর্দান্ত সেভে তাকে থামান। অন্যদিকে পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা ছয়টি সেভ করেন যা দলের প্রথম দুই ম্যাচ মিলিয়েও তার সেভের চেয়ে বেশি।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে কলম্বিয়ার ডেভিনসন সানচেজ গোল পেয়েছিলেন বলেই মনে হয়েছিল, কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *