ভাগ্য যেন শেষ মুহূর্তে থামিয়ে দিল ইরানকে। মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপের নকআউট পর্বে সরাসরি ওঠার সুযোগ হাতছাড়া করেছে দলটি। তবে শেষ ৩২-এ যাওয়ার দরজা পুরোপুরি বন্ধ হয়নি। এখন তাদের ভাগ্য নির্ভর করছে অন্য গ্রুপের ফলাফলের ওপর, ফলে অপেক্ষা ছাড়া ইরানের সামনে আর কোনো পথ নেই।
সিয়াটলে অনুষ্ঠিত গ্রুপ ‘জি’-এর এই ম্যাচে ড্রয়ের পর তিন ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে গ্রুপপর্ব শেষ করে ইরান। অন্যদিকে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে বেলজিয়াম। ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করেছে তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ এর মিসর।
ইরানের সামনে এখন একটাই সমীকরণ অন্য গ্রুপের ম্যাচে অনুকূল ফলাফলের অপেক্ষা। সেই ফলেই নির্ধারিত হবে তারা শেষ পর্যন্ত রাউন্ড অব থার্টি টু তে জায়গা পাবে কি না।

