প্রধান খবর

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হলে ছাড় নয়: এমপি মানিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে কিংবা দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ হলে সাংগঠনিকভাবে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় হাইমচর উপজেলা আদর্শ শিশু নিকেতন প্রাঙ্গণে উপজেলার ছয়টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, প্রতিটি ইউনিয়নে দলের পক্ষ থেকে একজন করে চেয়ারম্যান প্রার্থী মনোনীত করা হবে।

ছাত্রদলের নেতাকর্মীদের চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী না হয়ে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যেসব নেতাকর্মী ইউনিটপ্রধানের দায়িত্বে রয়েছেন, তাঁদের নির্বাচনে অংশ নিতে হলে আগে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি নিতে হবে বলে জানান।

প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বিগত ১৭ বছরের রাজনৈতিক ভূমিকা, মাদকবিরোধী অবস্থান এবং অতীত কর্মকাণ্ড যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য। অন্যায় কর্মকাণ্ড ও অর্থ গ্রহণসংক্রান্ত অভিযোগও খতিয়ে দেখা হবে বলে উল্লেখ করেন তিনি। উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সম্ভাব্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *