বিশ্ব চলচ্চিত্রশিল্পে হলিউড ও বলিউডের শক্তিশালী বলয়ের পাশাপাশি স্থান করে নিয়েছেন বিভিন্ন দেশের শীর্ষ তারকারা। আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে বিশ্বজুড়ে সুপরিচিত অভিনেতাদের সঙ্গে এবার তালিকায় উঠে এসেছে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের নাম। ইন্দোনেশিয়ার বিখ্যাত অর্থনীতি ও সংবাদভিত্তিক সংবাদমাধ্যম ‘ওয়ার্তা ইকোনোমি’-তে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে বিশ্বের ৫০টি দেশের প্রভাবশালী তারকাদের তালিকায় শাকিব খানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রতিবেদন সূত্রে জানা গেছে, বিশ্বের ৫০টি ভিন্ন দেশের জনপ্রিয় অভিনেতাদের স্টারডম, বাণিজ্যিক সাফল্য ও দর্শকপ্রিয়তা নিয়ে পরিচালিত এক জরিপের ভিত্তিতে এই তালিকাটি তৈরি করা হয়েছে। প্রকাশিত তালিকার ২৫ নম্বরে স্থান পেয়েছেন ঢালিউডের শীর্ষ এই নায়ক, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা চলচ্চিত্রের প্রতিনিধিত্ব হিসেবে বড় অর্জন। তালিকায় শুরুর দিকে স্থান পেয়েছেন হলিউডের টম হ্যাঙ্কস, বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খান, হংকংয়ের ব্রুস লি, চীনের জ্যাকি চ্যান, পাকিস্তানের ফাওয়াদ খান এবং তুরস্কের বুরাক ওজচিভিতের মতো আন্তর্জাতিকভাবে খ্যাতিমান অভিনেতারা।
সংবাদ মাধ্যমটির পর্যালোচনায় বলা হয়, দুই দশকেরও বেশি সময় ধরে ঢাকাই চলচ্চিত্রে নিজের একক আধিপত্য ও জনপ্রিয়তা অক্ষুণ্ণ রেখেছেন শাকিব খান। তাঁর অভিনীত সিনেমাগুলো কেবল দেশেই সাফল্য পাচ্ছে না, বরং সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বাজারেও উল্লেখযোগ্য ব্যবসায়িক সফলতা অর্জন করছে। শাহরুখ খান কিংবা কিয়ানু রিভসের মতো বিশ্বের বাঘা বাঘা অভিনেতাদের পাশাপাশি শাকিব খানের নাম থাকা বাংলা বিনোদন জগতের জন্য এক বড় ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
যদিও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় যে, এই মূল্যায়নটি বিশ্ব চলচ্চিত্রের কোনো দাপ্তরিক র্যাঙ্কিং নয়, তবুও একটি বিদেশী প্রভাবশালী গণমাধ্যমের জরিপে বাংলাদেশের একক প্রতিনিধি হিসেবে শাকিব খানের নাম স্থান পাওয়া ঢালিউড শিল্পের জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণাদায়ক।

