প্রধান খবর

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৩৮৬ জন

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়ার পর পুনরায় অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের বাছাই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৫ হাজার ৩৮৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডি এম আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে ফল প্রকাশের বিষয়টি জানানো হয়। রাজস্ব খাতভুক্ত ১১তম গ্রেডের এ পদের পূর্ববর্তী নাম ছিল ক্রেডিট সুপারভাইজার। মোট ২৪২টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে।

অফিস আদেশে জানানো হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। এ-সংক্রান্ত তথ্য যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি টেলিটকের মাধ্যমে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে জানানো হবে। নিয়োগপ্রক্রিয়ার যেকোনো পর্যায়ে অনিয়ম বা অসাধু উপায় অবলম্বনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা কিংবা ফল বাতিল করা হবে।

এর আগে প্রায় ৩ লাখ ১৯ হাজার আবেদনকারীর অংশগ্রহণে গত ১০ অক্টোবর বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠায় তা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে নতুন প্রশ্নপত্রে ১৬ অক্টোবর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পুনরায় বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *