প্রধান খবর

জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা অক্ষুণ্ণ রেখে সব দেশের সঙ্গে বন্ধুত্ব চায় সরকার

জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা সমুন্নত রেখে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে চায় সরকার। একই সঙ্গে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের প্রতিরক্ষাব্যবস্থা যুগোপযোগী ও সেনাবাহিনীকে আধুনিকায়নের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১৮ অক্টোবর) সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় পতাকা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মত্যাগের গৌরবময় ইতিহাস স্মরণ করিয়ে দেয়। এই পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখা প্রত্যেক সৈনিকের অন্যতম দায়িত্ব। তিনি আরও উল্লেখ করেন, সামরিক সক্ষমতার পাশাপাশি শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা ও জনগণের আস্থার ভিত্তিতে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী সাভার সেনানিবাসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে প্রধানমন্ত্রী উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে সালাম বিনিময় করেন এবং নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *