ফুটবল থেকে বিদায় নেওয়ার পর কেটে গেছে প্রায় ১১ বছর। তবুও আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরতে রোনালদিনহোর খুব বেশি সময় লাগে না। এবার ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্না এফসি-তে যোগ দিয়ে আবারও বিশ্ব ফুটবলকে চমকে দিলেন সাবেক ব্যালন ডি’অরজয়ী এই কিংবদন্তি। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স যা ফুটবল দুনিয়ায় নতুন উত্তেজনা ছড়িয়েছে।
২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ম্যাচ খেলেছিলেন রোনালদিনহো। এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও ফুটবলের প্রতি তার ভালোবাসা যে একটুও কমেনি, রাভেন্নায় যোগ দেওয়ার মধ্য দিয়ে সেটিই আবার প্রমাণ করলেন তিনি। ব্রাজিলিয়ান এই জাদুকর জানান, বহু বছরের বন্ধুত্ব ও সম্পর্কের সূত্র ধরেই এই সুযোগ এসেছে এবং তিনি নতুন যাত্রা নিয়ে দারুণ উচ্ছ্বসিত।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, “এত বছর ধরে চিপ্রিয়ানি পরিবারের সঙ্গে এবং আমাদের অন্য বন্ধুদের সঙ্গে যে বন্ধুত্ব গড়ে উঠেছে, তারই ধারাবাহিকতায় এই সুযোগটি এসেছে। আমি ভীষণ আনন্দিত। আমরা আশা করি, সবকিছু ভালোভাবেই এগোবে।” তার ভাষায়, এই প্রত্যাবর্তন হয়তো অন্যদেরও নিজেদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে।
রোনালদিনহোর মাঠে ফেরা শুধু রাভেন্নার জন্যই নয়, বিশ্ব ফুটবলের জন্যও এক আবেগঘন মুহূর্ত। তার জাদুকরী ড্রিবল, হাসিমাখা মুখ আর অদ্ভুত সৃজনশীলতা আবারও ফুটবলপ্রেমীদের স্মৃতিকে নাড়া দিচ্ছে।

