প্রধান খবর

মোবাইল অপারেটরদের কাছে সরকারের বকেয়া ১৩ হাজার কোটি টাকা

দেশের চারটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের কাছে সরকারের মোট ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বকেয়া থাকা প্রতিষ্ঠানগুলো হলো টেলিটক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বকেয়ার তালিকায় শীর্ষে রয়েছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির কাছে সরকারের পাওনা রয়েছে ৬ হাজার ১০২ কোটি টাকা। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটি পূর্বে কয়েক দফায় অর্থ পরিশোধ করলেও বিপুল পরিমাণ বকেয়া এখনও পরিশোধ হয়নি। এ বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।

বকেয়ার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির কাছে লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম ফি, প্রশাসনিক জরিমানা এবং সামাজিক দায়বদ্ধতা তহবিল বাবদ মোট ৫ হাজার ৯৫৪ কোটি টাকা পাওনা রয়েছে। এর একটি বড় অংশ ইকুইটি কনভার্সনের প্রস্তাব হিসেবে অর্থ মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে।

এছাড়া রবি আজিয়াটার কাছে সরকারের বকেয়া রয়েছে ৬১৫ কোটি টাকা। এর মধ্যে তথ্যপ্রযুক্তি নিরীক্ষা আপত্তি ও ভ্যাট সংক্রান্ত বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ অন্তর্ভুক্ত রয়েছে। একইভাবে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের কাছে মোট ৪৭৩ কোটি টাকা বকেয়া রয়েছে, যার একটি অংশ তথ্যপ্রযুক্তি নিরীক্ষা আপত্তি এবং বাকি অংশ রাজস্ব ভাগাভাগি সংক্রান্ত মূসক বাবদ পাওনা।

সরকার জানিয়েছে, বেশ কয়েকটি বকেয়া দাবির বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোর নিষ্পত্তি এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পাওনা আদায়ের বিষয়টি আরও অগ্রসর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *